সৌদি আরবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৪৫ জন ভারতীয়র। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটা বাসের। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে যায়। ঘুমের মধ্যে থাকায় যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসতে পারেননি। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। বাসের সব যাত্রীই ছিলেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা।
হায়দরাবাদের ৫৪ জনের একটা দল উমরাহ পালনের জন্য ৯ নভেম্বর মক্কা গিয়েছিল। উমরাহ পালন শেষ করে ৪৫ জন একটা বাসে করে মদিনা ফিরছিল। বাকিরা প্রাইভেট গাড়িতে ফিরছিলেন। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মুহারাস মুফরিহাত নামে এলাকার কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর যখন বাসটিতে আগুন ধরে যায়, তখন অনেক যাত্রী ঘুমাচ্ছিলেন। ফলে তাঁরা বাস থেকে বেরিয়ে আসতে পারেননি। মৃত ৪৮ জনের মধ্যে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জন।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ছুটে যায়। কিন্তু তারা পৌঁছনোর আগেই পুরো বাসটি ভষ্মীভূত হয়ে যায়। নিহত ব্যক্তিদের শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। একজন যাত্রী কোনও রকমে বাসের ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। সৌদি আরবের সিভিল ডিফেন্স ও পুলিশ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি ভারতীয় কর্মকর্তা ও ওমরাহ এজেন্সিগুলোর প্রতিনিধিরাও উদ্ধার কাজে সহায়তা করতে এবং দেশে অপেক্ষমাণ পরিবারগুলোর জন্য তথ্য সমন্বয় করতে ঘটনাস্থলে পৌঁছেছেন। গাল্ফ নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে ১১ জন মহিলা ও ১০টি শিশুও আছে৷ তবে বিষয়টি এখনও প্রশাসনের তরফে সরকারিভাবে জানানো হয়নি৷ মৃতদের পরিচয় জানার কাজ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা, আপিল করতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী, উত্তাল বাংলাদেশ, বনধ ডাকল আওয়ামী লীগ
বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরা। এক্স–এ প্রধানমন্ত্রী নিখেছেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত৷ স্বজনহারা পরিবারগুলির প্রতি আমরা সমবেদনা রইল৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’ বর্তমানে রাশিয়া সফরে থাকা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স–এ লিখেছেন, ‘দুর্ঘটনার কবলে পড়া ভারতীয়দের রিয়াধের দূতাবাসের তরফে সব রকমের সাহায্য করা হচ্ছে৷ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ভারতীয় পরিবারের আমরা পাশে আছি৷ যারা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমাবেদনা রইল৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
মুখ্যসচিব রামকৃষ্ণ রাও দিল্লিতে কর্মরত তেলেঙ্গানার রেডিন্সিয়াল কমিশনার গৌরব উপলকে নির্দেশ দিয়েছেন দুর্ঘটনার বিষয় বিস্তারিত জানতে। মৃতদের মধ্যে কতজন হায়দরাবাদের বাসিন্দা তা জানতেও বলা হয়েছে। পাশপাশি তেলেঙ্গানার সচিবালয় একটি কন্ট্রোল রুমও খুলেছে। দুর্ঘটনায় অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি৷