নিত্যব্যবহার্য বেশ করেকটি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের।
নিত্যপ্রয়োজনীয় বেশকিছু খাদ্যপণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করে নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার থেকে এই নতুন শুল্কনীতি কার্যকর হয়েছে। দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আটকাতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শুরু থেকেই বিদেশি পণ্যের ওপর তিনি যে ব্যাপক হারে আমদানি শুল্ক চাপিয়েছেন, তাতে দেশে মূল্যস্ফীতি বাড়াচ্ছে না। কিন্তু তাঁর সেই দাবি ভুল বলে প্রমাণিত হয়েছে। ব্যাপকহারে আমদানি শুল্ক আরোপ করায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়েছে। আর এই মূল্যবৃদ্ধি আটকাতে শেষ পর্যন্ত খাদ্যপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত তাঁর শুল্কনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন বিভিন্ন কাঠামোগত বাণিজ্য চুক্তির কথাও ঘোষণা করেছেন। এই চুক্তি চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর থেকে আমদানিকৃত খাদ্যপণ্য এবং অন্যান্য সামগ্রীর ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হবে। দেশে মূল্যবৃদ্ধি আটকাতে ট্রাম্প প্রশাসন চলতি বছরে আরও কয়েকটা দেশের সঙ্গে এইরকম বাণিজ্য চুক্তি করার কথা ভাবছে।
আরও পড়ুনঃ আগরতলায় পথচলা শুরু হল ত্রিপুরা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
আরও পড়ুনঃ সন্ত্রাসীদের মজুত করা বিস্ফোরকে ধ্বংস শ্রীনগরের নওগাম পুলিশ স্টেশন, মৃত ৯, আহত ২৫, অনেকের অবস্থা আশঙ্কাজনক
সাধারণ মানুষের নিত্যব্যবহার্য পণ্যের ওপর থেকে থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই পণ্যগুলির দাম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ডোনাল্ড ট্রাম্প অবশ্য মূল্যবৃদ্ধির পেছনে কারণ হিসেবে তাঁর শুল্কনীতি নয়, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে দেশের অর্থনীতিকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মার্কিন নাগরিকদের মধ্যে ক্রমশ হতাশা বাড়ছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যবৃদ্ধির প্রধান কারণ আমদানি শুল্ক। যদি আমদানি শুল্ক আরও না কমানো হয়, তাহলে আগামী বছর নিত্যব্যবহার্য পণ্যের দাম আরও বাড়বে।