অবৈধভাবে আইসোলেশনে রাখা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তাঁর সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করলেন ইমরানের বোনরা। পরে তেহরিক–ই–ইনসাফের অন্যান্য নেতারা বিক্ষোভে যোগ দেওয়ার সময় উত্তেজনা আরও বেড়ে যায়। ইমরানের বোনদের অভিযোগ, তাঁদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে।
৭৩ বছর বয়সী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। এক বিচ্ছিন্ন সেলে আটকে রাখা হয়েছে। মাঝে ইমরানকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। গুজব উঠেছিল, ইমরানকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। অনেক টানাপোড়েনের পর অবশেষে পরিবারের লোকদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেওয়া হয়। মঙ্গলবার ইমরানের তিন বোন নৌরিন, আলেমা এবং উজমা ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু চেক পয়েন্টে তাদের আটকে রাখা হয়।
আলেমা খান জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর ভাইকে বিচ্ছিন্ন করে রাখা ও নির্যাতনের অভিযোগ এনে আমরা গত ৮ মাস ধরে এখানে আসছি। আমাদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ওর ওপর নির্যাতন করা হচ্ছে। অবৈধভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই নির্যাতন বন্ধ করা উচিত।’ পরে পিটিআইয়ের সিনিয়র নেতারা, যার মধ্যে সেক্রেটারি জেনারেল সলমান আকরাম রাজা এবং খাইবার পাখতুনখোয়া প্রধান জুনায়েদ আকবর খানওবিক্ষোভে যোগ দেন।
আরও পড়ুনঃ শ্রীনগরে গণ সংঘর্ষের মামলায় প্রায় ৩০ বছর পর জেকেএলএফ নেতা জাভেদ মীরকে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীর পুলিশ
পুলিশের দাবি, সরকারি পরিদর্শনের সময়সীমার পরে ইমরানের বোনেরা হাজির হওয়ায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছিল। তাঁরা চলে যাওয়ার পরিবর্তে পিটিআই নেতাদের সঙ্গে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে আদিয়ালা কারাগারের চারপাশে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ বলপ্রয়োগ করে। আলেমা খানের অভিযোগ, পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
কিছুদিন আগে উজমা খানকে ইমরানের সঙ্গে ২০ মিনিট সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। তারপর এই বিরোধ শুরু হয়। উজমা পরে বলেন যে, ইমরান খানকে শারীরিকভাবে সুস্থ দেখালেও মানসিক নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। তিনি অভিযোগ করেন যে, ইমরান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে তাঁর ওপর চাপ সৃষ্টির জন্য দায়ী করেছেন। সেনাবাহিনী ইমরানের নাম না করে পাল্টা বলেছে, ‘মানসিকভাবে অসুস্থ ব্যক্তি’।