যুদ্ধবিরতি লঙ্ঘন করে দিনের পর ফিলিস্তিনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি নিরাপত্তা বাহিনীর হাত থেকে রেহাই পাচ্ছে না লেবাননও। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে এক বছরের যুদ্ধবিরতি চুক্তি রয়েছে ইজরায়েলের। সেই চুক্তি উপেক্ষা করে লেবাননের বেইরুটে হিজবুল্লাহদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এই বিমান হামলায় ৫ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বেনজামিন নেতানিয়াহুর নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।
রবিবার বেইরুটের দক্ষিণ শহরতলির হারেত হারিক এলাকায় এই বিমান হামলা চালায় ইজরায়েলের নিরাপত্তা বাহিনী। এই এলাকাটি ঘনবসতিপূর্ণ। এখানে হিজবুল্লাহর যথেষ্ট আধিপত্য রয়েছে। হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ৯ তলা বিশিষ্ট একটা ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আঘাত হানে ইজরায়েলের বিমানবাহিনী। ভবনের নিচের রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। রাস্তায় ক্ষতিগ্রস্ত একটা গাড়ি রয়েছে। ভবন থেকে আগুনের কুণ্ডলী উঠতে যায়।
এরপর উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে আসে। অ্যাম্বুলেন্স এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধারকারীরা স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নিয়ে যায়। লেবানিজ সৈন্যরা দ্রুত এলাকাটা ঘিরে ফেলে। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, ভবনটিতে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে হামলায় ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। যদিও তাঁর নাম প্রকাশ করেনি হিজবুল্লাহ ও ইজরায়েলের নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুনঃ বায়ু দূষণকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি, বিক্ষোভকারীদের হাতে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিদমার পোস্টার, গ্রেফতার ১৫
আরও পড়ুনঃ শেখ হাসিনার প্রত্যার্পন চেয়ে ভারতকে চিঠি পাঠাল বাংলাদেশ, না পেলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে যে, তিনিই এই হামলার নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বেইরুটের প্রাণকেন্দ্রে ইজরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর প্রধানের ওপর আক্রমণ করেছে, যিনি সন্ত্রাসী সংগঠনটির গঠন এবং পুনর্নির্মাণের নেতৃত্ব দিচ্ছিলেন। ইজরায়েল সর্বত্র এবং সর্বদা তার লক্ষ্য অর্জনে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
হিজবুল্লাহ শীর্ষকর্তা মাহমুদ কোমাতি সাংবাদিকদের বলেন, ‘রবিবারের হামলা একটা নতুন লাল রেখা অতিক্রম করেছে। লক্ষ্যবস্তুটি স্পষ্টতই প্রতিরোধের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে করা হয়েছিল। ফলাফল অজানা।’ ২০২৪ সালের নভেম্বরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইজরায়েল নিয়মিত হামলা চালিয়ে আসছে। ইজরায়েলের জাবি, হিজবুল্লাহ তাদের ওপর হামলা চালাচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তাদের ওপর ইজরায়েলি হামলা বন্ধে দৃঢ়ভাবে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের দায়িত্ব গ্রহণ এবং লেবানন এবং এর জনগণের ওপর আক্রমণ বন্ধে দৃঢ় ও গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।’