গ্রেফতার হতে চেলেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সোমবার অর্জুন রণতুঙ্গাকে গ্রেফতার করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে প্রশাসন। রণতুঙ্গা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী তেল ক্রয় চুক্তি প্রদানের পদ্ধতি পরিবর্তন করার এবং পরিবর্তে উচ্চ মূল্যে স্পট ক্রয় করার অভিযোগ রয়েছে।
ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্তকারী কমিশন আদালতকে জানিয়েছে, ২০১৭ সালে পেট্রোলিয়াম মন্ত্রী থাকার সময় অনেকগুলি চুক্তি করেছিলেন অর্জুন রণতুঙ্গা। সেই চুক্তিগুলি করার সময়, ২৭টি স্পট ক্রয়ের ফলে প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩.৫ কোটি টাকা) ক্ষতি হয়েছে। দুর্নীতি কমিশন কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে জানিয়েছে, অর্জুন রণতুঙ্গা বিদেশে রয়েছেন। দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে।
অর্জুন রণতুঙ্গা যখন পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন, সেই সময় তাঁর বড় ভাই ধাম্মিকা রণতুঙ্গা রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। দুর্নীতির অভিযোগে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান। ধাম্মিকা রণতুঙ্গা শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা ধাম্মিকার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলার পরবর্তী শুনানি দিন ১৩ মার্চ ঠিক হয়েছে।
আরও পড়ুনঃ ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তি সোনিয়া–রাহুলের, ইডির দাখিল করা চার্জশিট খারিজ করে দিল আদালত
রণতুঙ্গা ভাইদের বিরুদ্ধে এই দুর্নীতির মামলাটি রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক সরকারের বৃহত্তর দমন–পীড়নের অংশ। গত বছর স্থানীয় দুর্নীতি মোকাবেলার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিলেন দিশানায়েক। অর্জুন রণতুঙ্গার আর এক ভাই প্রাক্তন পর্যটনমন্ত্রী প্রসন্ন রণতুঙ্গাকে গত মাসে একটা বীমা জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই মামলাটি বিচারাধীন। তবে এর আগে ২০২২ সালের জুন মাসে একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে প্রসন্নকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। যদিও সেই শাস্তি আপাতত স্থগিত রয়েছে।
৬২ বছর বয়সী অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। গোটা বিশ্বকাপের দুর্দান্ত নেতৃত্ব দিয়েছিলেন রণতুঙ্গা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।