বরাবরই নানা সমাজসেবা মূলক কাজে এগিয়ে এসেছেন চাপড়া থানার তৃণমূল কংগ্রেস নেতা বিশিষ্ট সমাজসেবী জেবের শেখ। কখনও দুঃস্থদের পাশে দাঁড়ানো, কখনো আবার দুঃস্থদের শীতবস্ত্র প্রদান। এবার আরও একটা মহান কাজে এগিয়ে এলেন। তাঁর নেতৃত্বেই অনুষ্ঠিত হল রক্তদান শিবির। নবদ্বীপ ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজিত হয়। রক্ত দিয়েছেন ১২৫ জন।
মঙ্গলবার চাপড়া থানার পিঁপড়াগাছি অঞ্চলের পদ্মমালা গ্রামে জেবের শেখের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হল এই স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির উপলক্ষ্যে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই রক্তদাতারা ভিড় জমিয়েছিলেন। নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। দুপুর সাড়ে ১২টা থেকে এই রক্তদান শিবির শুরু হয়। চলে ৩টি পর্যন্ত।
আরও পড়ুনঃ টি২০ ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা প্রোটিয়াদের, ১০১ রানে জিতে সিরিজে এগিয়ে গেল ভারত, ব্যাটে ঝড় হার্দিকের
এদিন এই রক্তদান শিবিরে হাজির ছিলেন বাঙালঝি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক কাজী মৌসুমি সুলতানা, কলকাতার ডিসান হাসপাতালের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মুসা আলি শেখ, নদীয়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য সমর কুমার ঘোষ, এলাকার বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ কুণ্ডু, চাপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রাইহান মোল্লা, মহৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সফিউদ্দিন, মফিদুল মণ্ডল প্রমুখ। রক্তদান শিবির শুরু হওয়ার আগে সমাজসেবী জেবের শেখকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। অন্যান্য অতিথিদেরও বরণ করে নেওয়া হয়।
রক্তদান শিবির আয়োজন সম্পর্কে জেবের শেখ বলেন, ‘শীতের পরেই গরম শুরু হবে। তখন রক্তের চাহিদা খুবই বাড়বে। তাই ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে রক্তের ঘাটতি না হয়, তার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করে হল। মাস খানেক আগে কলিঙ্গর গাছাতে এই রকম একটা রক্তদান শিবির করেছিলাম। ভবিষ্যতে আরও এইরকম শিবির করার পরিকল্পনা রয়েছে।’ শীতের মরশুমে দুঃস্থদের শীতবস্ত্র তুলে দেওয়ারও পরিকল্পনা করেছেন জেবের শেখ। স্থানীয় বিধায়ক রুকবানুর রহমানের সেভাবে দেখা–সাক্ষাৎ পান না এলাকার সাধারণ মানুষ। কোনও সমাজসেবা মূলক কাজেও তাঁকে পাওয়া যায় না। এই অবস্থায় জেবের শেখেই ভরসা সাধারণ মানুষের।