বাইশ গজে আবার আধিপত্য দেখানোর সুযোগ, যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সামনে ভারত
বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার আধিপত্য দেখানোর সুযোগ ভারতের। অনূর্ধ্ব ১৯ যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত। রবিবার দুবাইয়ে ফাইনাল। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, সেমিফাইনালে বাংলাদেশকেও ৮ উইকেটে হারায় পাকিস্তান।
ফাইনালে ওঠার পর ভারতীয় দলের ক্রিকেটারদের উল্লাস।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫
Share on:
বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে আরও একবার আধিপত্য দেখানোর সুযোগ ভারতের। অনূর্ধ্ব ১৯ যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত। রবিবার দুবাইয়ে ফাইনাল। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, সেমিফাইনালে বাংলাদেশকেও ৮ উইকেটে হারায় পাকিস্তান।
দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য অনেক দেরিতে খেলা শুরু হয়। ওভার সংখ্যা কমিয়ে ২০ করা হয়। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। সর্বোচ্চ রান করেন চামিকা হেনাটিগালা (৩৮ বলে ৪২)। অধিনায়ক ভিমাথ দিনসারা ২৯ বলে করেন ৩২, সেথমিকা সেনেভিরত্নে ২২ বলে করেন ৩০। ভারতের হয়ে হেনিল প্যাটেল ৩১ রানে ও কনিষ্ক চৌহান ৩৬ রানে ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ২৫ ওভারের মধ্যে আউট হন আয়ুশ মাহত্রে (৭) ও বৈভব সূর্যবংশী (৯)। এরপর শ্রীলঙ্কার বোলারদের আর কোনও সুযোগ দেননি ভারতের দুই ব্যাটার অ্যারন জর্জ ও বিহান মালহোত্রা। দুজনের ১১৪ রানের জুটি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ২ ওভার বাকি থাকতেই ১৩৯/২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৪৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন অ্যারন জর্জ। ৪৫ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন বিহান মালহোত্রা। দুজনই যুগ্মভাবে ম্যাচের সেরা হন।
বৃষ্টির জন্য পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অন্য সেমিফাইনালও দেরিতে শুরু হয়। এই ম্যাচ অবশ্য ২৭ ওভারের হয়। প্রথমে ব্যাট করে ২৬.৩ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ রান সামিউন বশির রাহুলের ৩৩। পাকিস্তানের হয়ে আব্দুল সুভান ৪ উইকেট নেন। প্রথম ওভারে হামজা জহুরের (০) উইকেট হারালেও ১৬.৩ ওভারে ১২২/২ তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। সমীর মিনহাস ৫৭ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। উসমান খান করেন ২৭।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.