অপ্রতিরোধ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট জায়ান্টসকে হারিয়ে পৌঁছে গেল প্লে অফে।
মহিলাদের প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বই পর্বে টানা ৪ ম্যাচ জয়ের পর বরোদাতে জয়ের ধারা অব্যাহত। বরোদায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই গুজরাট জায়ান্টসকে উড়িয়ে দিল ৬১ রানে। এই নিয়ে টানা ৫ ম্যাচে জয় পেল বেঙ্গালুরু। একইসঙ্গে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল স্মৃতি মানধানার দল। বেঙ্গালুরুর জয়ের অন্যতম কারিগর গৌতমী নায়েক। তিনিই ম্যাচের সেরা।
টসে জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট জায়ান্টস অধিনায়ক অ্যাশলে গার্ডনার। শুরুটা ভাল হয়নি বেঙ্গালুরুর। প্রথম ওভারেই গ্রেস হ্যারিসকে (১) তুলে নেন রেণুকা সিং। দ্বিতীয় ওভারে জর্জিয়া ভলকে (১) ফেরান কাশ্বী গৌতম। ৯ রানে ২ উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর শুরুর ধাক্কা সামলে বেঙ্গালুরুকে এগিয়ে নিয়ে যান স্মৃতি মানধানা ও গৌতমী নায়েক।
দশম ওভারে স্মৃতি মানধানাকে (২৩ বলে ২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন গার্ডনার। এরপর গৌতমী ও রিচা ঘোষের জুটি দলকে এগিয়ে নিয়ে যায়। তিন ছক্কার সাহায্যে ২০ বলে ২৭ রান করে আউট হন রিচা ঘোষ। পরের ওভারেই কাশ্বী গৌতমীকে তুলে নেন গুজরাট অধিনায়ক গার্ডনার। ৫৫ বলে ৭৩ রান করে আউট হন গৌতমী। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে বেঙ্গালুরু। ৮ বলে ১৭ রান করেন রাধা যাদব। গুজরাট জায়ান্টসের হয়ে কাশ্বী গৌতম, অ্যাশলে গার্ডনার ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন রেণুকা সিং ও সোফি ডিভাইন।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেই নজির, শততম জয়ের মাইলস্টোনে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ
জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর মতো গুজরাটও শুরুতে বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় ওভারেই সায়লি সাতঘরের জোড়া ধাক্কা। প্রথম বলে তুলে নেন বেথ মুনিকে (৩)। ওভারের শেষ বলে ফেরান সোফি ডিভাইনকে (০)। শুরুতেই দুই সেরা ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। তৃতীয় ওভারে কণিকা আহুজাকে (০) তুলে নিয়ে গুজরাটের ওপর চাপ আরও বাড়িয়ে দেন লৌরেন বেল।
৩ ওভারের মধ্যে ৫ রানে ৩ উইকেট হারায় গুজরাট। এরপর অনুষ্কা শর্মা (২০ বলে ১৮) ও গার্ডনার সাময়িক প্রতিরোধ গড়ে তোলেন। জুটি ভাঙতেই আবার ধস। দ্রুত আউট হন কাশ্বী গৌতম (৪) ও জর্জিয়া ওয়েরহ্যাম (২)। ৫৬ রানে ৬ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি গুজরাট। শেষপর্যন্ত ২০ ওভারে তোলে ১১৭/৮। একমাত্র লড়াই করেন অ্যাশলে গার্ডনার (৪৩ বলে ৫৪)। ২১ রানে ৩ উইকেট নেন সায়লি সাতঘরে।