অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেই নজির গড়লেন কিংবদন্তী টেনিস তারকা নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে স্পেনের পেড্রো মার্টিনেজকে সরাসরি সেটে হারিয়ে টেনিস কেরিয়ারে শততম জয়ের মাইলস্টোনে পৌঁছে গেলেন। পাশাপাশি রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন। এই নিয়ে তিনটি গ্র্যান্ড স্লামে ১০০টা করে ম্যাচ জেতার অনন্য নজির গড়লেন এই সার্বিয়ান টেনিস তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে অ্যাডিলেড ওপেনে অংশ নেননি নোভাক জকোভিচ। প্রস্তুতিমূলক ইভেন্টে অংশ না নেওয়ায় অনেকেই ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান টেনিস তারকার ফিটনেস নিয়ে উদ্বেগে ছিলেন। কিন্তু প্রথম রাউন্ডে মার্টিনেজের বিরুদ্ধে যেভাবে জিতলেন, তাতে যাবতীয় যাবতীয় জল্পনার অবসান ঘটেছে। প্রথম থেকেই ম্যাচের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে ৬–৩, ৬–২, ৬–২ গেমে মার্টিনেজকে উড়িয়ে মেলবোর্ন পার্কে কেরিয়ারের ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন নোভাক জকোভিচ।
এই জয়ের মাধ্যমে জকোভিচ ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক গ্র্যান্ড স্ল্যামে ১০০টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েন। যা তাঁর উজ্জ্বল কেরিয়ারে আরও একটা উল্লেখযোগ্য মাইলফলক। চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিতে জয়ের সেঞ্চুরি স্পর্শ করলেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের আগে উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেনেও এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে, ইউএস ওপেনে এখনও পর্যন্ত ৯৫টি জয় পেয়েছেন।
অস্ট্রেলিয়ান ওপেনে শততম ম্যাচে জয়ের পর রড লেভার এরিনায় মেলবোর্নে তাঁর সেরা মুহূর্তগুলোর একটা পূর্ণাঙ্গ ছবি তুলে ধরেন জকোভিচ। তিনি বলেন, ‘একজন সেঞ্চুরিয়ান হওয়াটা চমৎকার অনুভূতি। ইতিহাস রচনা এক দুর্দান্ত প্রেরণা, বিশেষ করে আমার কেরিয়ারের শেষ পাঁচ থেকে দশ বছরে। একবার যখন আমি নিজেকে ইতিহাস তৈরি করার মতো অবস্থানে পৌঁছেছিলাম, তখন সেরা টেনিস খেলতে আরও বেশি অনুপ্রাণিত হয়েছিলাম, এবং আমি সেটাই করেছি।’
তিনি আরও বলেন, ‘কেরিয়ারের শুরুতে আমি খুব ভাগ্যবান ছিলাম যে, এমন খেলোয়াড়দের মুখোমুখি হয়েছিলাম, যারা আমাকে দীর্ঘ শট খেলতে, খুব তাড়াতাড়ি ক্লান্ত না হতে, আমার শরীর ও মনের যত্ন নিতে এবং যতটা সম্ভব দীর্ঘ কেরিয়ার গড়ার চেষ্টা করতে শিখিয়েছিলেন। এই পর্যায়ে খেলতে পেরে আমি ধন্য এবং মেলবোর্নে আর একটা জয় আমার স্বপ্ন পূরণের মতো।’
মার্টিনেজের মুখোমুখি হয়ে জকোভিচ প্রথম সেটের শুরুতেই জিতে এগিয়ে যান। তারপর আর পিছনে ফিরে তাকাননি। ৬–৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। দ্বিতীয় সেটে তিনি একের পর এক দুর্দান্ত গ্রাউন্ডস্ট্রোক করেন। দ্বিতীয় সেট জেতেন ৬–২ ব্যবধানে। তৃতীয় সেটেও দাপট বজায় রেখেছিলেন জকোভিচ। পরের রাউন্ডে জকোভিচ বাছাইপর্ব খেলে উঠে আসা ফ্রান্সেস্কো মায়েস্ত্রেলির মুখোমুখি হবেন।