কোটি কোটি টাকা দাবি করে হুমকি বার্তা চলচ্চিত্র অভিনেতা রণবীর সিংকে। একটা হোয়াটসঅ্যাপ ভয়েস বার্তার মাধ্যমে তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার পরই তিনি মুম্বই পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তাৎক্ষণিকভাবে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ অভিযুক্তদের সন্ধান শুরু করেছে।
রণবীর সিংকে হুমিকে দেওয়ার কিছুক্ষণ আগেই চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই গুলি চালানোর দায় স্বীকার করেছে। এই ঘটনার পরপরই রণবীর সিং হুমকি বার্তা পান। তবে যে হুমকি বার্তা পাঠিয়েছে, তার পরিচয় এখনও জানা যায়নি। হুমকিদাতা অবশ্য লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ করেছে। তবে মুম্বই পুলিশ কিংবা রণবীর সিং এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
চলচ্চিত্র তারকারা প্রতিনিয়তই এই ধরণের হুমকিমূলক বার্তা পাচ্ছেন। সলমান খানকে বেশ কয়েকবার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। কানাডায় কপিল শর্মার ক্যাফেতেও বেশ কয়েকবার গুলি চালানো হয়েছে। এবার রণবীর সিংকে হুমকি দেওয়া হল। বলিউড জগতের তারকারা দীর্ঘদিন ধরে এই ধরণের হুমকির সম্মুখীন হচ্ছে।
রণবীর সিং ও তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন মুম্বইয়ের প্রভাদেবীতে বিউ মন্ডে ‘বি’ টাওয়ার হাউজিং সোসাইটিতে থাকেন। হুমকি বার্তার পর রণবীরের বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয় এবং সোসাইটি কর্তৃপক্ষ সোসাইটি প্রাঙ্গণে মোতায়েন করা ব্যক্তিগত সশস্ত্র নিরাপত্তারক্ষীদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে থানায় চিঠি লেখে।
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন সোসাইটির অনুমতি ছাড়াই ৬ জন সশস্ত্র রক্ষী মোতায়েন করেছিলেন, যাদের লবি, জিম এবং শিশুদের খেলার জায়গার মতো সাধারণ এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। সোসাইটি পুলিশকে অনুরোধ করেছে যে, নিরাপত্তারক্ষীদের বৈধ অস্ত্র লাইসেন্স আছে কিনা, পুলিশ অনুমতি দিয়েছে কিনা এবং কী ভিত্তিতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল তা স্পষ্ট করে জানাতে।