২০১৭ সালে শেষবার কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে আর সাফল্য নেই। কলকাতা লিগে দীর্ঘদিনের খরা কি এবার কাটাতে পারবে লাল–হলুদ? বিনো জর্জের দল যেরকম ছন্দে রয়েছে, আশা করতেই পারেন সমর্থকরা। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। শনিবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে উড়িয়ে দিল ৪–০ ব্যবধানে। বৃষ্টিভেজা কাদা মাঠেও দুরন্ত ফুটবল উপহার দিলেন জেসিন টিকে, এডউইন, আমন সিকেরা।
ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। বারবার আক্রমণ তুলে নিয়েও গোলমুখ খুলতে পারছিলেন না জেসিনরা। অবশেষে ম্যাচের ২৬ মিনিটে ডেডলক ভাঙেন জেসিন। তন্ময় দাসের কর্নার থেকে দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন কেরলের এই স্ট্রাইকার। চলতি লিগে এই নিয়ে ৯টি গোল করে ফেললেন জেসিন। খেলা চলাকালীন বৃষ্টি নামে। ফলে গতি অনেকটাই কমে যায়। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল।
বৃষ্টি থামায় দ্বিতীয়ার্ধে আবার সেই চেনা ছন্দে ইস্টবেঙ্গল। শুরু থেকেই দাপট। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় লাল–হলুদ। মহম্মদ মুশারফের পাস ধরে ডি বক্সের মাথা থেকে ডানপায়ের দুরন্ত শটে গোল করেন এডউইন ভাসপাল। ব্যবধান বাড়িয়ে গোলের নেশায় আরও মত্ত হয়ে ওঠেন লাল–হলুদ ফুটবলাররা। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগও এসেছিল। জেসিনের শট গোল লাইন থেকে বাঁচান কালীঘাটের এক ডিফেন্ডার। তবে ৩–০ হতে বেশিক্ষণ সময় লাগেনি। পরের মিনিটেই ডানপায়ের দুরন্ত ইনসুইং শটে ৩–০ করেন আজাদ। ৮০ মিনিটে বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন এডউইন।
গ্রুপ ‘বি’–তে ৯ ম্যাচে ৮টি–তে জিতে ২৫ পয়েন্ট পেয়ে শীর্ষে রইল ইস্টবেঙ্গল। একই সঙ্গে সুপার সিক্সে ওঠাও নিশ্চিত করে ফেলল। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া আটকাবে না ইস্টবেঙ্গলের। কারণ, সুপার সিক্সেও গ্রুপ লিগের পয়েন্ট ধরা হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.