গোলের বন্যা ইস্টবেঙ্গলের, টালিগঞ্জকে ৭ গোল দিয়ে লিগ অভিযান শুরু লালহলুদের
বিশাল ব্যবধানে জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল লালহলুদ ব্রিগেড। ব্যারাকপুর স্টেডিয়ামে রবিবার লিগে নিজেদের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে উড়িয়ে দিল ৭–১ ব্যবধানে।
ইস্টবেঙ্গলের জয়ের নায়করা
আরিয়ান চৌধুরি
শেষ আপডেট: জুন ৩০, ২০২৪
Share on:
কলকাতা প্রিমিয়ার লিগে উদ্বোধনী ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিয়েছিল মহমেডান স্পোর্টিং। পিছিয়ে থাকল না কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গলও। বিশাল ব্যবধানে জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল লালহলুদ ব্রিগেড। ব্যারাকপুর স্টেডিয়ামে রবিবার লিগে নিজেদের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে উড়িয়ে দিল ৭–১ ব্যবধানে। ইস্টবেঙ্গলের হয়ে ২টি গোল করেন জেসিন টিকে। একটি করে গোল করেন শ্যামল বেসরা, আমন সিকে, সুব্রত মুর্মু, আনানথু এনএস এবং সায়ন ব্যানার্জি। টালিগঞ্জের একমাত্র গোলদাতা সঞ্জয় শর্মা।
এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের খেলা দেখতে যথেষ্ট দর্শক সমাগম হয়েছিল। সমর্থকদের হতাশ করেননি লালহলুদ ফুটবলাররা। ১২ মিনিটে প্রথম গোল। শ্যামল বেসরার শট টালিগঞ্জ ডিফেন্ডার বলবিন্দার সিংয়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। ৪৩ মিনিটে টালিগঞ্জ গোলকিপার মিঠুনের ভুলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। আমনের শট তাঁর হাত গলে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে ২–০ ব্যবধানেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সঞ্জয় শর্মার গোলে ব্যবধান কমায় টালিগঞ্জ। মনে হচ্ছিল হয়তো খেলায় ফিরে আসবে একসময় তিন প্রধানকে বেগ দেওয়া টালিগঞ্জ। কিন্তু বিপক্ষকে সেই সুযোগ দেয়নি বিনো জর্জের ফুটবলাররা। ৬৫ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ৩–১ করেন জেসিন টিকে। মিনিট দুয়েক পর তাঁর গোলেই ৪–১। এরবর পরিবর্ত হিসেবে নামা সুব্রত মুর্মু ৭৯ মিনিটে দুরন্ত হেডে ৫–১ করেন। শেষ দিকে গোলের নেশায় মেতে উঠেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ৮৭ মিনিটে সুব্রতর পাস থেকে ৬–১ করেন আনানথু। ম্যাচের ইনজুরি সময়ে টালিগঞ্জের কফিনে শেষ পেরেক পোঁতেন সায়ন ব্যানার্জি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.