দুবাইয়ে দুর্ঘটনার কবলে ভারতীয় যুদ্ধবিমান তেজস। শুক্রবার দুবাই এয়ারশোতে প্রদর্শনীর মাঝেই হঠাৎই ভারতের এই উন্নতমানের আধুনিক যুদ্ধবিমান ভেঙে পড়ে। পাইলট নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুবাইয়ের আল–মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ। কী কারনে বিমানটি ভেঙে পড়েছে তার কারণ এখনও জানা যায়নি।
বিশ্বের বড় বিমান প্রদর্শনীগুলির অন্যতম হল দুবাই এয়ার শো। এই ইভেন্টে বিভিন্ন বিমানের প্রদর্শনী দেখে নানা বিমান সংস্থা বিমান ক্রয় করে। চলতি বছরও এই এয়ারশো থেকে এমিরেটস ও ফ্লাই দুবাই ইতিমধ্যেই বহু হাজার কোটি ডলারের বিমান কেনার ঘোষণা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় যুদ্ধবিমানের এই দুর্ঘটনা বড় ধাক্কা।
বহু মানুষ এই এয়ার শো দেখতে ভিড় জমিয়েছিলেন৷ তাঁদের সামনেই ভেঙে পড়ে তেজস যুদ্ধবিমান৷ প্রদর্শনী চলাকালীন দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টো ১০ মিনিটের কিছু পরে আল–মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের মাটিতে আছড়ে পড়ার মুহূর্তে বিস্ফোরণ হয়৷ সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি ভারতীয় বায়ুসেনার এক আসন বিশিষ্ট লাইট কমব্যাট বিমানে। সাইরেন বাজতে থাকে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। তারে আগুন নেভানোর কাজ শুরু করে। বিমানটি ভেঙে পড়ার আগে পাইলট বেরিয়ে আসতে পেরেছিলেন কিনা, প্রাথমিকভাবে জানা যায়নি। পরবর্তীকালে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, পাইলটের মৃত্যু হয়েছে।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ দুবাইয়ে এয়ার শো চলার সময় বায়ুসেনার একটা তেজস যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। পাইলটের মৃত্যু হয়েছে। পাইলটের মৃত্যুতে ভারতীয় বায়ুসেনা শোকাহত৷ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
আরও পড়ুনঃ সরকারের হস্তক্ষেপেই অনুষ্ঠিত হবে আইএসএল, দেশের শীর্ষ আদালতকে প্রতিশ্রুতি কেন্দ্রের
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনেটিক্স লিমিটেডের তৈরি তেজস ভারতের নিজস্ব যুদ্ধবিমান। সম্প্রতি রাশিয়ার মিগ–২১ এরজায়গা নিয়েছে তেজস এমকে–১ যুদ্ধবিমান। ৪.৫ জেনারেশনের বহুকৌশলী এই যুদ্ধবিমানটি হালকা ও ছোট আকৃতির জন্য আলাদা গুরুত্ব পায়। আকাশ প্রতিরক্ষা, আঘাত হানা, নিকট সংঘর্ষ, সব ধরনের অভিযানের উপযোগী করে তৈরি হয়েছে তেজস। বিমানটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল মার্টিন–বেকার ‘জিরো–জিরো’ ইজেকশন সিট। টেক–অফ কিংবা ল্যান্ডিংয়ের সময় বিমান যথন শূন্য উচ্চতা এবং শূন্য গতিতে থাকে, সেই অবস্থাতেও পাইলট নিরাপদে বের হয়ে আসতে পারে। তবুও কেন পাইলট বেরিয়ে আসতে পারেননি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভারতে তৈরি উন্নতমানে এই তেজস যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ। প্রতি ঘণ্টায় প্রায় ২২০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। ১৮৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই বিমান। এই বিমান ৭ হার্ডপয়েন্ট, ২৩ মিলিমিটার জিএসএইচ-২৩, অস্ত্র বিভিআর ক্ষেপণাস্ত্র, ব্রহ্মস-এনজি এবং গাইডেড বোমা বহনে সক্ষম। এ ছাড়াও রয়েছে ইজরায়েলি এইএসএ র্যাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট।