এতদিন বিদেশি কোনও রাষ্ট্রপ্রধানকে দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেনি ইথিওপিয়া। সেই ঐতিহ্য এবার ভেঙে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশে সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান’–এ ভূষিত করল ইথিওপিয়া সরকার। আদ্দিস আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান প্রদান করা হয়। এই নিয়ে বিশ্বের ২৫টি দেশে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী। তাঁর আগে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এত বেশি সম্মান পাননি।
ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেয়ে আপ্লুত নরেন্দ্র মোদী। তিনি এক্স–এ এক পোস্টে লেখেন, ‘ইথিওপিয়ার মহান সম্মান নিশানে ভূষিত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই সম্মান আমি ভারতের ১৪০ কোটি মানুষকে উৎসর্গ করছি।’ জর্ডন সফর শেষে মঙ্গলবার সন্ধেয় ইথিওপিয়া পৌঁছন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদ্দিস আবাবা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। বিমানবন্দরেই তাঁর সঙ্গে কফি চক্রে যোগ দেন মোদী। এরপর রাতে আদ্দিস আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মোদীর হাতে ‘গ্রেট অনার নিশান’ সম্মান তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী হলেন বিশ্বের প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন।
দিল্লিতে জারি করা এক বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, ভারত–ইথিওপিয়া অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান এবং একজন বিশ্ব রাজনীতিবিদ হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়া হয়েছে। মোদী এই সম্মানের জন্য প্রধানমন্ত্রী আবি এবং ইথিওপিয়ার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবির নেতৃত্ব এবং জাতীয় ঐক্য, স্থায়ী এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য তাঁর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইথিওপিয়া সফরে পৌঁছেই প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আহমেদ আলিকে ভাই এবং বন্ধু বলে অভিহিত করেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পাওয়ার পর নরেন্দ্র মোদী বলেন, ‘ইথিওপিয়ার এই মহান ভূমিতে সকলের মধ্যে থাকা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আজ বিকেলে আমি ইথিওপিয়ায় পৌঁছেছি। এখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই এখানকার মানুষ আমাকে দারুণভাবে অভ্যর্থনা জানিয়েছে। প্রধানমন্ত্রী আলি বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন। তিনি আমাকে ফ্রেন্ডশিপ পার্ক এবং সায়েন্স মিউজিয়ামে নিয়ে যান। এখানে আমি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি।’
আরও পড়ুনঃ ‘সেভেন সিস্টার্স’–কে বিচ্ছিন্ন করার হুমকি, ভারতকে সতর্ক করে দিলেন বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
এর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে সাক্ষাতের সময়, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, ‘ইথিওপিয়া সফর করতে পেরে আমি খুব খুশি। ইথিওপিয়ায় এটা আমার প্রথম সফর। কিন্তু এখানে পা রাখার সঙ্গে সঙ্গে গভীর আত্মিক বন্ধন অনুভব করেছি।’ প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘পাহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতি আপনার সহানুভূতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আপনার সমর্থনের জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে বন্ধুত্বপূর্ণ দেশগুলির সমর্থন আমাদের কাছে অনেক অর্থবহ।’
দুই দেশের সহযোগিতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘ভবিষ্যতের সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা হবে। আজ আমাদের সহযোগিতার মূল দিকগুলি, যেমন অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, সক্ষমতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। আমি খুশি যে আজ আমরা ভারতে ইথিওপিয়ার শিক্ষার্থীদের জন্য বৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমরা ভারত-ইথিওপিয়ার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করছি। এই পদক্ষেপ আমাদের সম্পর্কে নতুন শক্তি, নতুন গতি এবং নতুন গভীরতা যোগাবে।’
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি বলেন, ‘আমাদের অর্থনীতি দৃঢ়ভাবে বৃদ্ধি পাচ্ছে। গত বছর আমাদের প্রবৃদ্ধির হার ছিল ৯.২ শতাংশ, এবং এই বছর আমরা ১০.৩ শতাংশ আশা করছি। জিডিপি বৃদ্ধির পাশাপাশি, আমাদের দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারত এফডিআই–এর একটি প্রধান উৎস। ৬১৫ টিরও বেশি ভারতীয় কোম্পানি ইথিওপিয়ায় বিনিয়োগ করছে। এটি আমাদের সহযোগিতার জন্য আস্থার একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। আমি বিশ্বাস করি যে আমাদের ঐতিহাসিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করার জন্য আমরা আজ যে সিদ্ধান্ত নিয়েছি তা একেবারে সঠিক।’