ফেডেরার–জকোভিচরা ইতিমধ্যেই কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। ইয়ানিক সিনার– কার্লোস আলকারাজরাও কি পূর্বসূরীদের পথে? মহাকাব্যিক ফাইনালে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সিনারকে হারিয়ে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ।
ফরাসি ওপেনের সম্রাট। ট্রফি হাতে কার্লোস আলকারাজ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ০৯, ২০২৫
Share on:
সর্বশেষ কোন পুরুষ খেলোয়াড় ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন? উত্তর খোঁজার জন্য খুব বেশি অতীতের পরিসংখ্যান ঘাঁটার দরকার নেই। বছর ছয়েক আগের পরিসংখ্যান দেখলেই যথেষ্ট। ২০১৯ সালে উইম্বলডন ফাইনালে রজার ফেদেরারের বিরুদ্ধে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নোভাক জকোভিচ। ফেডেরার–জকোভিচরা ইতিমধ্যেই কিংবদন্তিদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। ইয়ানিক সিনার– কার্লোস আলকারাজরাও কি পূর্বসূরীদের পথে? মহাকাব্যিক ফাইনালে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সিনারকে হারিয়ে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ।
প্রথম দুটি সেটে ৬–৪, ৭–৬ (৭–৪) ব্যবধানে জিতেছিলেন ইয়ানিক সিনার। তৃতীয় সেট ৬–৪ ব্যবধানে জিতে ব্যবধান কমিয়েছিলেন আলকারাজ। সেটের বিচারে তখন ২–১ ব্যবধানে এগিয়ে সিনার। চতুর্থ সেট জিতলেই ফরৈআসি ওপেনের শিরোপা মাথায়। চতুর্থ সেটে তখন আলকারাজের বিরুদ্ধে ৫–৩ গেমে এগিয়ে সিনার। আর ম্যাচ পয়েন্টের সেই গেমে এগিয়ে ৪০–০ ব্যবধানে। একটা পয়েন্ট পেলেই খেতাব নিশ্চিত।
এরপর কী দেখল টেনিস বিশ্ব? কার্লোস আলকারাজের মহাকাব্যিক প্রত্যাবর্তন। হ্যাঁ, টেনিস সার্কিটে এই শব্দ দুটি বহুবার ব্যবহার করা হয়েছে। কিন্তু আলকারাজ যেভাবে ম্যাচে ফিরে এসেছিলেন, এই দুটি ছাড়া আর কোনও শব্দ ব্যবহার করার মতো নেই। তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে গেম জিতে নিলেন। শেষ পর্যন্ত গেম ৬–৬ করে টাইব্রেকারে সেট জিতে ম্যাচ নিয়ে গেলেন পঞ্চম সেটে। নির্ণায়ক সেটও টাইব্রেকারে জিতে লাল দুর্গের মুকুট ধরে রাখলেন কার্লোস আলকারাজ। ৫ ঘণ্টা ২৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। রোলাঁ গারোর ইতিহাসে দীর্ঘতম ফাইনাল। উন্মুক্ত যুগে ফরাসি ওপেনের ফাইনালে প্রথম দুটি সেট হেরেও চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কীর্তি গড়লেন আলকারাজ।
এই প্রজন্মের দুই সেরা খেলোয়াড়। বিশ্বের এক ও দুই নম্বরের লড়াই যে অন্যমাত্রায় পৌঁছবে, এটাই স্বাভাবিক। অনেক আশা নিয়ে সিনার ও আলকারাজের মহারণ দেখতে বসেছিলেন টেনিসপ্রেমীরা। তাঁদের হতাশ হতে হয়নি। এক মহাকাব্যিক ম্যাচে সাক্ষী থাকলেন সবাই। নিশ্চিতভাভেই টেনিস ইতিহাসে সেরা ম্যাচের তালিকায় স্থান পাবে। সহজেই প্রথম সেট জিতে নিয়েছিলেন সিনার, ৬–৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে লড়াই করেন আলকারাজ। সেট টাইব্রেকারে নিয়ে যান। টাইব্রেকারে অবশ্য শেষরক্ষা করতে পারেননি। ৭–৬ (৭–৪) ব্যবধানে জিতে ২–০ ব্যবধানে এগিয়ে যান সিনার। তৃতীয় সেটে দাপট দেখিয়ে ৬–৪ গেমে জিতে ব্যবধান কমান আলকারাজ। এরপর নাটকীয় সেই চতুর্থ সেট। তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ৭–৬ (৭–৩) ব্যবধানে জিতে যান আলকারাজ। আগে কখনও প্রথম দুই সেট হারার পর ম্যাচ জিততে পারেননি আলকারাজ। এদিন অবশ্য সেই রেকর্ড ভেঙে দিলেন। নির্ণায়ক তথা পঞ্চম সেটেও তুমুল লড়াই। সিনারকে দেখে ক্লান্ত মনে হচ্ছিল। ম্যারাথন লড়াইয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭–৬ (১০–২) ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হন আলকারাজ। রজার ফেডেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে জীবনের প্রথম পাঁচ গ্র্যান্ড স্লাম ফাইনালেই চাম্পিয়ন হলেন আলকারাজ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.