অলিম্পিকে ধাক্কা লক্ষ্য সেনের, কেভিন কর্ডনের বিরুদ্ধে জেতা ম্যাচ বাতিল
ব্যাডমিন্টনের সিঙ্গলসে গ্রুপ লিগের প্রথম ম্যাচে গুয়েতমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে ২১–৮, ২২–২০ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন লক্ষ্য সেন। জেতা ম্যাচ বাতিল হল ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের।
জেতা ম্যাচ বাতিল লক্ষ্য সেনের
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৪
Share on:
অলিম্পিকের গ্রুপ লিগে প্রথম ম্যাচ জিতেও শেষরক্ষা হল না। জেতা ম্যাচ বাতিল হল ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের। ব্যাডমিন্টনের সিঙ্গলসে গ্রুপ লিগের প্রথম ম্যাচে গুয়েতমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে ২১–৮, ২২–২০ ব্যবধানে জয় তুলে নিয়েছিলেন লক্ষ্য সেন। কনুইয়ে চোটের জন্য অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কেভিন কর্ডন। তাই লক্ষ্য সেনের জয় খারিজ করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।
কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক থেকে কর্ডন সরে দাঁড়ানোয় লক্ষ্য সেনের জয় গন্য করা হবে না। নতুন করে আবার ব্যাডমিন্টনের সূচি তৈরি করা হয়েছে। সেই নতুন সূচি অনুযায়ী খেলতে হবে লক্ষ্য সেনকে। একেই কঠিন গ্রুপে রয়েছেন লক্ষ্য সেন। টোকিও অলিম্পিকে চমক দেখানো কর্ডনকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন। জয় খারিজ হওয়ায় তাঁর মনোবল ধাক্কা খাবে।
অন্যদিকে, ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির প্রথম ম্যাচ বাতিল হয়ে গেল। আজ জার্মানির মার্ক ল্যামসফাস এবং মারভিন সিডেলের বিরুদ্ধে এই ভারতীয় জুটির খেলার কথা ছিল। কিন্তু হাঁটুর চোটের জন্য অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মার্ক ল্যামসফাস। ফলে জার্মান জুটিকে অলিম্পিক থেকে সরে দাঁড়াতে হয়েছে। এই জুটির বিরুদ্ধে সব ম্যাচই বাতিল। ফলে বাড়তি বিশ্রাম পেয়ে গেলেন চিরাগরা।
সহজ জয় দিয়ে অলিম্পিক অভিযান শুরু করেছে ভারতীয় জুটি। পদক জয়ের অন্যতম দাবিদার সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। শনিবার ডাবলসের গ্রুপ ‘সি’–র ম্যাচে হারিয়েছে ফ্রান্সের লুকাস করভি ও রোনান লাবারকে। ৪৬ মিনিটের লড়াইয়ে সাত্ত্বিকরা জিতেছে ২১–১৭, ২১–১৪ ব্যবধানে। মঙ্গলবার পরের ম্যাচ খেলতে নামবে ভারতীয় জুটি। প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান এবং মুহাম্মদ রিয়ান আরদিয়ান্টো জুটি। ভারতীয় জুটির কাছে ম্যাচটা যথেষ্ট কঠিন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.