ট্রেন্ডিং

Wimbledon 2025

টানা তৃতীয়বার খেতাব জয়ের দিকে আরও একধাপ এগোলেন আলকারাজ, সেমিফাইনালে সাবালেঙ্কাও

পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন গত দু’‌বছরের চ্যাম্পিয়ন। হ্যাটট্রিকের পথে আরও একধাপ এগিয়ে গেল। সেমিফাইনালে ওঠার পথে আলকারাজ হারিয়েছেন ব্রিটেনের ক্যামেরন নরিকে। সেমিফাইনালে আলকারাজের সামনে টেলর ফ্রিৎজ।

দুরন্ত ছন্দে কার্লোস আলকারাজ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৯, ২০২৫
Share on:

উইম্বলডনে টানা ৩ বার খেতাব জয়ের নজির গড়বেন কার্লোস আলকারাজ?‌ যে রকম ফর্মে রয়েছেন এই স্প্যানিশ টেনিস তারকা, অসম্ভব কিছু নয়। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন গত দু’‌বছরের চ্যাম্পিয়ন। হ্যাটট্রিকের পথে আরও একধাপ এগিয়ে গেল। সেমিফাইনালে ওঠার পথে আলকারাজ হারিয়েছেন ব্রিটেনের ক্যামেরন নরিকে। সেমিফাইনালে আলকারাজের সামনে টেলর ফ্রিৎজ।

কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আলকারাজের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ব্রিটেনের ক্যামেরন নরি। তাঁর ডাবল ফল্টের সৌজন্যে প্রথম সেটের শুরুতেই দুটি ব্রেক পয়েন্ট নিয়ে এগিয়ে যান আলকারাজ। এরপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে মাত্র ২৮ মিনিটের মধ্যেই প্রথম সেট ৬–২ ব্যবধানে জিতে নেন। পরের দুটি সেটে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৬–২, ৬–৩, ৬–৩ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান আলকারাজ। উইম্বলডনে টানা ২৩টি ম্যাচ জেতার রেকর্ড করলেন স্পেনের এই টেনিস তারকা। 


সেমিফাইনালে আলকারাজের প্রতিদ্বন্দ্বী টেলর ফ্রিৎজকে অবশ্য যথেষ্ট ঘাম ঝড়িয়ে শেষ চারের টিকিট জোগাড় করতে হয়েছে। কারেন খাচানোভের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে সেমিফাইনালে পৌঁছন ফ্রিৎজ। মার্কিন এই টেনিস তারকা প্রথম দুটি সেট ৬–৩, ৬–৪ ব্যবধানে বেশ সহজে জিতলেও তৃতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন খাচানভ। ৬–১ ব্যবধানে জিতে ব্যবধান কমান। চতুর্থ সেট টাইব্রেকারে নিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি। ৭–৬ (‌৭–৪)‌ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান ফ্রিৎজ। 

অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন এরিনা সাবালেঙ্কা। ২ ঘণ্টা ৫৪ মিনিটের কঠিন লড়াইয়ে হারিয়েছেন জার্মানির অবাছাই লরা সিগেমুন্ডকে। প্রথম সেটে ৪–৬ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছিলেন। সেন্টার কোর্ট যখন অঘটনের প্রহর গুনছে, সেই সময় দুর্দান্ত প্রত্যাবর্তন সাবালেঙ্কার। দ্বিতীয় সেট ৬–২ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটে ৬–৪ ব্যবধনে জিতে সেমিফাইনালে পৌঁছে যান এই বেলারুশ তারকা। ২৭ বছর বয়সী সাবালেঙ্কা এই নিয়ে তৃতীয়বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন। ২০২১ ও ২০২৩ সালে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। সেমিফাইনালে সাবালেঙ্কার সামনে ১৩ নম্বর বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভা। কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভাকে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora