ডোপিংয়ের দায়ে নির্বাসিত ডিপি মনু, হাতছাড়া হতে চলেছে প্যারিসের টিকিট
প্যারিসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল। ডোপিংয়ের দায়ে ডিপি মনুকে সাময়িক নির্বাসিত করেছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা।
ডিপি মনু
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৯, ২০২৪
Share on:
নীরজ চোপড়ার পাশাপাশি ডিপি মনুরও প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু এই জ্যাভেলারের প্যারিসে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ল। ডোপিংয়ের দায়ে ডিপি মনুকে সাময়িক নির্বাসিত করেছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা নাডা।
চলতি বছরের এপ্রিলে ইন্ডিয়ান গ্রাঁ প্রিঁ–র সময় ডিপি মনুর মূত্রের নমুনা নেওয়া হয়েছিল। তাঁর সেই নমুনা ইতিবাচক এসেছিল। মূত্রের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড পাওয়ার পর জাতীয় ডোপ বিরোধী সংস্থা মনুকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাসনের আগে নাডার নির্দেশে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন মনুকে প্রতিযোগিতা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল।
২৪ বছর বয়সী ডিপি মনু ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপসে রুপো জিতেছিলেন। বিশ্ব র্যাঙ্কিং কোটার মাধ্যমে প্যারিস অলিম্পিক যোগ্যতা অর্জনের সুযোগ ছিল এই ভারতীয় জ্যাভেলারের। কিন্তু ডোপিংয়ের দায়ে নির্বাসিত হওয়ায় সুযোগ হাতছাড়া হতে পারে। বৃহস্পতিবার থেকে জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রাথমিক এন্ট্রি তালিকায় তিনি ছিলেন। কিন্তু নাডা নির্বাসিত করার পর জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন মনুর নাম তালিকা থেকে বাদ দিয়েছে।
ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি আদিল সুমারিওয়ালা সংবাদসংস্থাকে বলেছেন, ‘নাডা ফেডারেশনকে নির্দেশ দিয়েছে মনুকে প্রতিযোগিতায় নামতে না দেওয়ার। আসল ঘটনা আমরা এখনও জানি না। আমাদের কাছে বিস্তারিত কিছু জানানো হয়নি। আমার মনে হয় অ্যাথলিট নিজেই সঠিক ব্যাপারটা নাডা থেকে জানতে পেরেছে।’
১৫–১৯ মে ভুবনেশ্বরে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে ৮২.০৬ মিটার থ্রো করে মনু অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার পরে দ্বিতীয় স্থানে ছিলেন। ১ জুন তাইপেই সিটিতে তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে তিনি ৮১.৮৫ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স ‘রোড টু প্যারিস’ তালিকায় মনু ১৫ নম্বরে রয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে মোট ৩২ জন প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করবেন। যোগ্যতা অর্জনের শেষ তারিখ ৩০ জুন। নীরজ চোপড়া ও কিশোর জেনা ইতিমধ্যেই ৮৫.৫০ মিটারের যোগ্যতামান পেরিয়ে অলিম্পিকের কোটা অর্জন করছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.