বিশ্বের ২ নম্বর তারকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব থেকে একধাপ দূরে পিভি সিন্ধু
বিশ্বের ২ নম্বর তারকা ওয়াং ঝি–কে স্ট্রেট গেমে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক থেকে মাত্র একধাপ দূরে এই ভারতীয় শাটলার।
‘সিন্ধু–গর্জন’। চীনের ওয়াং ঝি–কে হারানোর পর পিভি সিন্ধুর উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৫
Share on:
প্রতিপক্ষ চলতি মরশুমের সবথেকে ধারাবাহিক শাটলার। র্যাঙ্কিংয়েও পিভি সিন্ধুর থেকে অনেকটাই এগিয়ে। অনেকেই ভেবেছিলেন চীনের ওয়াং ঝি ইয়ি–র কাছে উড়ে যাবেন সিন্ধু। কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারবেন না। বাস্তবে কিন্তু অন্য ছবি। বিশ্বের ২ নম্বর তারকা ওয়াং ঝি–কে স্ট্রেট গেমে হারিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক থেকে মাত্র একধাপ দূরে এই ভারতীয় শাটলার।
দীর্ঘদিন ধরেই চোট–আঘাতে জর্জরিত। কোর্টের বাইরে থাকায় মাঝে মাঝেই ছন্দ হারিয়েছেন। তবে বয়স বাড়লেও সিন্ধু প্রমাণ করে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি–কোয়ার্টার ফাইনালে আবার সেই পুরনো ছন্দ দেখা গেল। মরশুমের অন্যতম ধারাবাহিক শাটলার ওয়াং ঝি ইয়িকে ২১–১৯, ২১–১৫ গেমে হারিয়ে ৪ বছর পর আবার বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন।
এদিন ওয়াং ঝি–র বিরুদ্ধে সিন্ধুকে সেই ফর্মে দেখা যায়, যা তাঁকে রিও অলিম্পিকে রুপো ও ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক এনে দিয়েছিল। সিন্ধু জানতেন, শুরু থেকেই ওয়াং ঝি–কে আক্রমণ করলে খেই হারিয়ে ফেলবেন এই চীনা শাটলার। সেই রাস্তাই বেছে নেন। শুরু থেকেই আক্রমণ করে ব্যতিব্যস্ত করে দেন। র্যালির ওপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রেখে প্রথম গেমে একসময় ১১–৬ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। এরপর নিজের ছন্দে ফিরে আসেন ওয়াং ঝি। ব্যবধান কমিয়ে ১৯–১৭ পয়েন্টে এগিয়ে যান চীনের এই শাটলার। তবে শেষরক্ষা করতে পারেননি। শেষপর্যন্ত ২১–১৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু।
প্রথম গেম জেতায় আত্মবিশ্বাস আরও বেড়ে যায় সিন্ধুর। দ্বিতীয় গেমে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ওয়াং যখনই র্যালি দীর্ঘায়িত করার চেষ্টা করছিলেন এবং কোর্টের প্রতিটা কোণে সিন্ধুকে পাঠানোর চেষ্টা করেন, দারুণ ধৈর্য দেখান সিন্ধু। তাঁর ক্রস–কোর্ট ড্রপগুলি ছিল তীক্ষ্ণ, বারবার লাইন বরাবর স্ম্যাশ করছিলেন। একসময় ব্যবধান অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন সিন্ধু। কিন্তু ম্যাচে ফিরে এসে ব্যবধান কমিয়ে ১২–১১ করে ফেলেন। এরপর আর ওয়াং ঝি–কে কোনও সুযোগ না দিয়ে ২১–১৫ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান সিন্ধু। এই নিয়ে ৮ বারের সাক্ষাৎকারে ৮ বারই ওয়াং ঝি–কে হারালেন তিনি। ১৫ তম বাছাই সিন্ধু শুক্রবার কোয়ার্টার ফাইনালে নবম বাছাই ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির মুখোমুখি হবেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.