সত্যজিৎ রায় বেঁচে থাকলে হয়তো আরও একটা সিনেমা বানিয়ে ফেলতেন। ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ নাম না দিয়ে নিশ্চিতভাবে নাম দিলেন ‘যত কাণ্ড ইডেনের বাইশ গজে’। হ্যাঁ, ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের আগে প্রধান আলোচনার বিষয় ইডেনের বাইশ গজ। প্রতিদিনই নাকি বাইশ গজের চরিত্র বদলে যাচ্ছে। আর সে জন্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য এখনও প্রথম একাদশ ঠিক করে উঠতে পারেনি ভারত। টিম ম্যানেজমেন্টের ভাবনা, তিন স্পিনার, না তিন জোরে বোলার।
কলকাতায় পা রাখার পর থেকেই ‘গৌতম গম্ভীর অ্যান্ড কোং’ পিচ কিউরেটর সুজন মুখার্জির কাছে বায়না ধরেছেন ঘূর্ণি উইকেটের। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছেও এই নিয়ে দরবার করেছেন কোচ গম্ভীর। পছন্দের উইকেট হচ্ছে কিনা, বারবার পর্যবেক্ষণ করছিলেন গম্ভীর, শুভমানরা। টিম ম্যানেজমেন্ট যতই তদ্বির করুক না কেন, পুরোপুরি ঘূর্ণি উইকেট পাচ্ছে না ভারত। কারণ আর কিছু নয়, ইডেনে কখনোই চিপকের মতো ঘূর্ণি উইকেট বানানো সম্ভব নয়। শুরুর দিকে জোরে বোলাররা যেমন সাহায্য পাবেন, প্রথম দুদিন ব্যাটারদের জন্যও কিছু থাকছে। পরের দিকে উইকেট ভাঙবে। পিচ নিয়ে ধোঁয়াশা থাকায় প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিভ্রান্তি ভারতীয় দলে।
প্রাথমিকভাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক করেছিল দুই জোরে বোলার ও ৩ স্পিনার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। দুই জোরে বোলার যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ নিশ্চিত। ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য তিন স্পিনার হিসেবে ভাবা হয়েছিল রবীন্দ্র জাডেজ, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। কারণ, তিনজনেরই ব্যাটের হাত যথেষ্ট ভাল। কিন্তু বৃহস্পতিবার বাইশ গজ দেখে ভাবনায় বদল নিয়ে এসেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘক্ষণ নেটে দেখা গেল কুলদীপ যাদবকে। আসলে ঘরের মাঠে কুলদীপের সাফল্য উপেক্ষা করতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক শুভমান গিলও প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন। প্রথম একাদশ নিয়ে শুভমানের বক্তব্য, ‘প্রথম একাদশ মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে প্রতিদিনই উইকেট বদলাচ্ছে। বুধবার একরকম উইকটে দেখেছিলাম, আজ অন্যরকম দেখলাম। ম্যাচের দিন সকালে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে ইডেনের সকালের ও বিকেলের পরিবেশের কথা মাথায় রাখতে হবে। জোরে বোলাররা সাহায্য পায়। পাশাপাশি কথাও ভাবতে হবে, দেশের মাঠে কিন্তু স্পিনাররাই বেশি ম্যাচ জিতিয়েছে।’
আরও পড়ুনঃ শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় ‘প্যানিক অ্যাটাক’ হয়েছিল? গোপন তথ্য তুলে ধরলেন সানিয়া মির্জা
আরও পড়ুনঃ পাকিস্তান থেকে দেশে ফিরলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ক্রিকেটারদের হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের
কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএলে অভিষেক হয়েছিল শুভমানের। ইডেনে অনেক স্মৃতি রয়েছে। অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার প্রথমবার টস করতে নামবেন। তার আগে ফিরে আসছে ইডেনের স্মৃতি। শুভমান বলছিলেন, ‘কলকাতার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে৷ এখান থেকেই আইপিএল শুরু করেছিলাম। ৬ বছর আগে টেস্ট দলে থাকলেও খেলার সুযোগ হয়নি। অধিনায়ক হিসেবে ইডেনে টস করতে যাওয়াটা আমার কাছে নিঃসন্দেহে অন্যরকম অনুভূতি হবে।’
ইডেনে টেস্ট খেলতে নামছে ভারত। অথচ দলে নেই মহম্মদ সামি। সামির দলে না থাকার প্রসঙ্গ আসবে এটা জানাই ছিল শুভমানের। উত্তরও যেন তৈরি ছিল। সামি প্রসঙ্গ উঠতেই শুভমান বলেন, ‘সামির মতো বোলার বিশ্বে খুব বেশি আছে বলে আমার মনে হয় না। যারা দলে রয়েছে, ওরাও দুর্দান্ত বোলিং করছে। আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণদের পারফরমেন্সকেও উপেক্ষা করা যাবে না। আর যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার কথা তো ভাবাই যায় না। দলের স্বার্থে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’