মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের একটা ছোট্ট পোস্ট। তিনি আর প্লেব্যাক গান গাইবেন না। অর্থাৎ প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। ভক্তরা হতাশ। ভক্তদের আতঙ্ক, তারা আর অরিজিত সিংয়ের গান শুনতে পাবেন না। হতাশ হওয়ার কিছু নেই। অবসরের পরেও অরিজিৎ সিং গান গাইবেন। তবে সিনেমায় নয়। তিনি সিনেমায় গান গাওয়া থেকে অবসর নিয়েছেন।
নিজের এক্স প্রোফাইলে পোস্ট করা একাধিক স্পষ্ট বক্তব্যে ৩৮ বছর বয়সী অরিজিৎ সিং ব্যাখ্যা করেছেন যে, এই সিদ্ধান্ত হঠাৎ করেই তিনি নেননি। কিংবা কোনও একটা নির্দিষ্ট ঘটনার ফলাফলও নয়। তিনি আগামী দিনে ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীন সঙ্গীত প্রযোজনার দিকে আরও বেশি করে মনোযোগ দিতে চান। এক্স–এ অরিজিৎ লিখেছেন, ‘হঠাৎ করে প্লেব্যাক থেকে অবসরের জন্য কেবল একটা কারণ নেই। এর একাধিক কারণ রয়েছে। এবং আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। অবশেষে, আমি প্রয়োজনীয় সাহস সঞ্চয় করেছি।’
অরিজিৎ আরও লিখেছেন, ‘এর একটা কারণ খুবই স্পষ্ট। আমি দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি, যে কারণে আমি প্রায়শই আমার গানের বিন্যাস পরিবর্তন করি এবং সরাসরি পরিবেশন করি।’ তিনি আরও নতুন চ্যালেঞ্জের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, ‘সত্যটা হল, আমি ক্লান্ত হয়ে পড়েছি। উন্নতির জন্য আমাকে বিভিন্ন সঙ্গীত অন্বেষণ করতে হবে।’ অরিজিতের সিদ্ধান্তকে প্রভাবিত করার আর একটা কারণ হল নতুন কণ্ঠস্বর শোনা এবং সমর্থন করার প্রতি তাঁর উৎসাহ। তিনি বলেছেন, ‘অবসরের আর একটা কারণ হল নতুন গায়কদের কন্ঠস্বর শোনার জন্য আমার আগ্রহ, যারা আমাকে সত্যিকারের অর্থে অনুপ্রাণিত করতে পারে।’
প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও বাকি পেশাগত দায়িত্ব পালন করবেন অরিজিৎ। ভক্তদের সঙ্গীতের প্রতি তাঁর অব্যাহত অঙ্গীকারের বিষয়ে আশ্বস্ত করে বলেন, ‘আমি সত্যিই আশীর্বাদপ্রাপ্ত। আমি মানসম্পন্ন সঙ্গীতের একজন ভক্ত এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখার এবং স্বাধীনভাবে গান তৈরি করার দিকে মনোনিবেশ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। আমার এখনও কিছু বকেয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, এবং আমি সেগুলি পূরণ করব। স্পষ্ট করে বলতে চাই যে, আমি সঙ্গীত তৈরি বন্ধ করব না।’
প্লেব্যাক গান বলতে সিনেমার জন্য গান গাওয়া বোঝায়। যদি কোনও গায়ক বলেন যে, প্লেব্যাক গান থেকে অবসর নিচ্ছেন, তবে এর অর্থ এই নয় যে গান ছেড়ে দিচ্ছেন। এর অর্থ কেবলমাত্র চলচ্চিত্রের জন্য গান গাওয়া ছেড়ে দিচ্ছেন। এর বাইরে, তারা স্বাধীনভাবে গান গাইতে থাকবেন। অরিজিৎ সিংয়ের অবসরের পোস্টটিতে কখনই গান বা সঙ্গীত জগৎ থেকে অবসরের কথা বলেননি। তিনি কেবল একজন প্লেব্যাক গায়ক হিসেবে অবসর নিয়েছেন। এর অর্থ হল তিনি আর চলচ্চিত্রের জন্য গান গাইবেন না। তিনি চলচ্চিত্রের বাইরে গান এবং সঙ্গীতের কাজ চালিয়ে যাবেন।
তিনি স্বাধীনভাবে গান গাইবেন, নিজের অ্যালবাম, মিউজিক ভিডিও তৈরি করবেন। ইউটিউবে তার গান প্রকাশ করতে পারেন। এছাড়া লাইভ কনসার্ট এবং স্টেজ শোতে পারফর্ম করা তো রয়েছেই। তিনি সঙ্গীত রচনা এবং প্রযোজনা চালিয়ে যেতে পারেন। তার অবসরের অর্থ হল তিনি সর্বদা যা কিছু করেছেন তা করবেন, কেবল চলচ্চিত্রের জন্য গান গাওয়া ছাড়া। অর্থাৎ, আমরা অরিজিতের কণ্ঠ শুনতে থাকব, কেবল চলচ্চিত্রের জন্য নয়।