টানা ৬টি কোপায় গোল করে নজির মেসির, কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
কোপাতেও শুরুর দিকে চেনা আর্জেন্টিনাকে দেখা যায়নি। মেসিকেও নয়। কানাডার বিরুদ্ধে অন্য আর্জেন্টিনা। মেসিও চেনা ছন্দে। সেমিফাইনালে কানাডাকে ২–০ ব্যবধানে হারিয়ে ১৬তম কোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।
কানাডা ডিফেন্ডারদের বাধা টপকে এগিয়ে চলেছেন মেসি
সঞ্জয় সাহা
শেষ আপডেট: জুলাই ১০, ২০২৪
Share on:
২০২২ কাতার বিশ্বকাপের ছবিটা ভেসে উঠছে। ২ বছর আগে কাতারে আর্জেন্টিনাকে শুরুতে সেভাবে ছন্দে দেখা যায়নি। এমনকি, লিওনেল মেসিকেও নয়। প্রতিযোগিতা যত এগিয়েছিল, ছন্দ ফিরে পেয়েছিল আর্জেন্টিনা। মেসিও ক্রমশ জ্বলে উঠেছিলেন। এবারের কোপাতেও জয় পেলেও শুরুর দিকে চেনা আর্জেন্টিনাকে দেখা যায়নি। মেসিকেও নয়। কানাডার বিরুদ্ধে অন্য আর্জেন্টিনা। মেসিও চেনা ছন্দে। সেমিফাইনালে কানাডাকে ২–০ ব্যবধানে হারিয়ে ১৬তম কোপা জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার পরিসংখ্যান ঘাঁটলে সমর্থকরা কোপা আমেরিকা জয়ের ব্যাপারে আশাবাদী হতেই পারেন। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ২–০ ব্যবধানে। দুটি গোল করেছিলেন হুলিয়ান আলভারেজ ও মেসি। এবার কোপার সেমিফাইনালেও ২–০ ব্যবধানে জয় এসেছে আর্জেন্টিনার। কাকতালীয়ভাবে দুই গোলদাতা সেই হুলিয়ান আলভারেজ ও মেসি।
আর্জেন্টিনার বিরুদ্ধে এদিন ভাল শুরু করেছিল কানাডা। প্রথম ১৫ মিনিট যথেষ্ট দাপটও দেখিয়েছিল। কিন্তু পেনিট্রেটিভ জোনে এসে এসে খেই হারিয়ে ফেলছিলেন কানাডার স্ট্রাইকাররা। ১৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে শুরু করে আর্জেন্টিনা। এরপরই প্রথম গোল তুলে নেয়। ম্যাচের ২২ মিনিটে রদ্রিগো ডি পলের ভাসিয়ে দেওয়া বল ধরে কানাডার দুই ডিফেন্ডার অ্যালিস্টার জনস্টন ও মোয়েস বোম্বিতোর মাঝখান দিয়ে ছিটকে পেরিয়ে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। দিয়েগো ফোরলান, রোমারিও এবং মেসির পর চতুর্থ খেলোয়াড় হিসেবে কোপা ও বিশ্বকাপের সেমিফাইনালে গোল করলেন তিনি। প্রথমার্ধের শেষলগ্নে হোলের সুযোগ পেয়েছিলেন মেসি। ডি মারিয়ার পাস থেকে নেওয়া তাঁর শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ম্যাচের ৫১ মিনিটে কানাডার বক্সে জটলার মধ্যে শট নিয়েছিলেন এনজো ফার্নান্ডেজ। চলতি বলে পা ছুঁইয়ে গোল করেন মেসি। কানাডার ফুটবলাররা অফসাইডের আবেদন জানিয়েছিলেন। ভিডিও রিপ্লে দেখে গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ৬টি কোপা আমেরিকাতে গোল করার নজির গড়লেন মেসি। এই কৃতিত্ব রয়েছে একমাত্র ব্রাজিলের জিজিনিওর। পরে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। তবে ম্যাচের শেষলগ্নে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল কানাডা। ৮৯ মিনিটে তানি ওলুয়াসারির শট দুর্দান্তভাবে আটকান আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ফাইনালে খেলবে আর্জেন্টিনা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.