জঘন্য ফুটবল খালিদ জামিলের দলের, ২২ বছর পর বাংলাদেশের কাছে হার স্বীকার ভারতের
২০০৩ সালের সাফ সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ। প্রায় দু’যুগ পর আবার ভারতের বিরুদ্ধে জয় তুলে নিল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার ম্যাচে জিতল ১–০ ব্যবধানে। জঘন্য ফুটবল উপহার দিয়ে হার ভারতের। গোটা ম্যাচে গোল করার মতো একটাও পরিস্থিতি তৈরি করতে পারেনি খালিদ জামিলের দল। দুই দলের কাছে নিয়মরক্ষার ম্যাচ হলেও ঘরের মাঠে দাপট নিয়েই শুরু করেছিল বাংলাদেশ।
জঘন্য ফুটবল উপহার দিয়ে হার ভারতের।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৫
Share on:
ক্রিকেট কিংবা ফুটবল, হকিতে তে কথাই নেই। খেলার মাঠে বাংলাদেশকে বরাবরই টেক্কা দিয়ে এসেছে ভারত। ক্রিকেটে মাঝে মাঝে ভারতকে কামড় দিয়েছে বাংলাদেশ। অন্যান্য খেলাতে অবশ্য একছত্র আধিপত্য ভারতের। ফুটবলেও কার্যত সেই একই অবস্থা। ৩০ বারের সাক্ষাৎকারে ভারতের জয় ১৪ বার, বাংলাদেশের ৪। ২টিতে ফয়সালা হয়নি। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের শেষ জয় এসেছিল ২২ বছর আগে। প্রায় দু’যুগ পর আবার ভারতের বিরুদ্ধে জয় তুলে নিল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়মরক্ষার ম্যাচে জিতল ১–০ ব্যবধানে। জঘন্য ফুটবল উপহার দিয়ে হার ভারতের।
আই লিগকে পেছনে ঠেলে দিয়ে আইএসএল শুরু করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। এই ১১ বছরে ভারতীয় ফুটবলকে কী দিয়েছে আইএসএল? একটাও ভাল মানের ফুটবলার কি উঠে এসেছে? অথচ জাতীয় লিগ, আই লিগ জন্ম দিয়েছিল বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রীদের মতো তারকাদের। বাইচুং, সুনীলের পর একটাও ভালমানের স্ট্রাইকার উঠে আসেনি। যার খেসারত দিতে হচ্ছে ভারতীয় ফুটবল দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সেই স্ট্রাইকারদের ব্যর্থতার জন্যই ডুবতে হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের খেলায় কোনও পরিকল্পনায় ছিল না। গোটা ম্যাচে গোল করার মতো একটাও পরিস্থিতি তৈরি করতে পারেনি খালিদ জামিলের দল। দুই দলের কাছে নিয়মরক্ষার ম্যাচ হলেও ঘরের মাঠে দাপট নিয়েই শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে এগিয়েও যায়। মাঝমাঠে মোরছালিন বল পেয়ে বাঁদিকে রাকিপকে দেন। রাকিপ বল পেয়ে দ্রুত বাঁপ্রান্ত ধরে উঠে ভারতের পেনাল্টি বক্সের কাছে পৌঁছে মাইনাস করেন। সেই বল তাড়া করে মোরছালিন আলতো টোকায় আগুয়ান গোলকিপার গুরপ্রীতের পাশ দিয়ে জালে পাঠান। রাকিপের মাইনাসের সময় ভারতের কোনও ডিফেন্ডার জায়গায় ছিলেন না।
পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য যে তাগিদ দরকার, তা দেখা যায়নি ভারতীয় ফুটবলারদের মধ্যে। ম্যাচের ৩৪ মিনিটে একটা ফাউলকে ঘিরে মাঠে উত্তেজনা ছড়ায়। দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রেফারি বাংলাদেশের তপু বর্মন ও ভারতের বিক্রমপ্রতাপকে হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে শুরু করেছিল ভারত। দু–দুবার গোলের কাছাকাছি পৌঁছে দিয়েও ব্যর্থ হয়। ফলে ২২ বছর পর বাংলাদেশের কাছে হার স্বীকার করতে হল খালিদ জামিলের ভারতকে। ২০০৩ সালের সাফ সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.