ট্রেন্ডিং

Asian Table Tennis Championships

বাংলার ঐহিকার হাত ধরে এশিয়ান টিটি–তে প্রথম পদক নিশ্চিত করে ইতিহাস ভারতের

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক নিশ্চিত করে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৩–২ ব্যবধানে। নির্ণায়ক ম্যাচে জিতে ভারতকে সেমিফাইনালে তোলেন বাংলার ঐহিকা মুখার্জি।

বাংলার ঐহিকার হাত ধরে এশিয়ান টিটি–তে ইতিহাস ভারতের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০৯, ২০২৪
Share on:

শৈলজা শালুখে, ইন্দু পুরী, মোনালিসা বড়ুয়া, মান্তু ঘোষ, অনিন্দিতা চক্রবর্তী, পৌলমী ঘটক, মৌমা দাসের মতো তাবড় তাবড় খেলোয়াড়রা যা করে দেখাতে পারেননি, তাই করে দেখালেন ঐহিকা মুখার্জিরা। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথমবার পদক নিশ্চিত করে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৩–২ ব্যবধানে। নির্ণায়ক ম্যাচে জিতে ভারতকে সেমিফাইনালে তোলেন বাংলার ঐহিকা মুখার্জি।

প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে খেলতে নেমেছিলেন ঐহিকা। বিপক্ষে ছিলেন বিশ্বের ৮ নম্বর শিন ইউবিন। অন্যদিকে, বিশ্ব টেবিল টেনিসের ক্রমতালিকায় ঐহিকার স্থান ৯২ নম্বরে। প্যারিস অলিম্পিকে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতা ইউবিনকে ১১–৯, ৭–১১, ১২–১০, ৭–১১, ১১–৭ পয়েন্টে হারান ঐহিকা। দ্বিতীয় সিঙ্গলসে মনিকা বাত্রা ১২–১৪, ১৩–১১, ১১–৫, ৫–১১, ১২–১১ ব্যবধানে জিওন ঝি–কে হারিয়ে ভারতকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর সৃজা আকুলা ও মনিকা বাত্রাকে হারিয়ে সমতা ফেরান লি এয়ুনহি ও শিন ইউবিন। 


নির্ণায়ক তথা পঞ্চম ম্যাচে জিওন ঝি–র বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ঐহিকা মুখার্জি। তাঁর ওপরই নির্ভর করছিল ভারতের পদক জয়ের ভাগ্য। ইউবিনের তুলনায় সহজ প্রতিদ্বন্দ্বী জিওন ঝি–কে একপেশে ম্যাচে উড়িয়ে দেন ঐহিকা। ম্যাচের ফল ৭-১১, ১১-৬, ১২-১০, ১২-১০। শেষ ম্যাচে প্রথম গেম হেরেও দারুণভাবে ফিরে আসেন ঐহিকা। স্নায়ুর চাপ সামলে পর পর তিনটি গেম জিতে ভারতকে সেমিফাইনালে তোলেন। বুধবার সেমিফাইনালে  ভারতের প্রতিপক্ষ জাপান। জাপানের কাছে হারলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora